দেশের তিন মেডিকেলে নতুন অধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: দেশের তিন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো: কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ।
আজ বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন একই মেডিকেলের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিদুর রহমান এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী। তাঁকে একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এ কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।